প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪
সুখের ঠিকানা

সাজিয়া আফরিন মৌরি সুখের ঠিকানা
সুখ সে তো অবিনশ্বর, বিশ্বাসে থাকে টিকে, মনটা যদি পাশে থাকে, সুখ যায় না ফুরিয়ে।
সময় বদলায়, মানুষ বদলায়, বদলায় জীবনের রং, তবুও কিছু আপন মানুষ থেকে যায় মনেরই সঙ্গ।
কখনো কাছে, কখনো দূরে, তবু থাকে মনের টান, নীরবতাতেও বোঝা যায়, কে আপন, কে পর প্রাণ।
সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা থাকে মনে, চোখের ভাষায় বুঝে নিতে হয়, আপন মানুষ চিনে।
সুখ তো আসলে খুঁজতে হয় না দূর কোনো শহরে, একটু বিশ্বাস, একটু মায়া—সুখ লুকিয়ে থাকে ঘরে।
জীবন যত কঠিন হোক, পথ যতই হোক বাঁকা, বিশ্বাস যদি পাশে থাকে, হারিয়ে যায় না ভালোবাসা।
কিছু সম্পর্ক সময়ের নয়, থেকে যায় হৃদয়জুড়ে, ঝড় এলেও ভাঙে না তারা, যদি বিশ্বাস থাকে ঘিরে।
তাই সুখকে ধরে রাখতে চাইলে, বেশি কিছু নয়— বিশ্বাসটুকু বাঁচিয়ে রেখো, ভালোবাসা আপনিই রয়।








