সোমবার, ২০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২১:০৬

হাইমচরে দোকান থেকে স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার

দোকানের শাটার খোলা থাকলেও ভেতরের কলাপসিবল গেইটে তালা ছিলো

অনলাইন ডেস্ক
হাইমচরে দোকান থেকে স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার

হাইমচর উপজেলায় দোকানের ভেতর থেকে এক স্বর্ণকারের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে উপজেলার সদর আলগী বাজারের ‘আলিফ গোল্ড

মার্কেট’-এর ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে হাইমচর থানার ওসি মো. নাজমুল হাসান জানান।

নিহত বিজয় ঘোষ (৪৫) মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি প্রায় দু বছর ধরে ওই প্রতিষ্ঠানে কারিগর হিসেবে কর্মরত ছিলেন এবং দোকানেই রাত্রিযাপন করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মালিকপক্ষ বাড়ি চলে যান। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান বন্ধ ছিলো এবং বিজয় ঘোষ ভেতরেই অবস্থান করছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ (মধু) দোকান খুলতে আসেন। তিনি দোকানের শাটার খোলা থাকলেও ভেতরের কলাপসিবল গেইটে তালা দেখতে পান। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে বিকল্প চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় বিজয় ঘোষের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

বিকম চন্দ্র ঘোষ বলেন, বিজয় ঘোষের সঙ্গে পরিবারের সদস্য বা দোকানের কারো কোনো বিরোধ ছিলো না। তবে ঘটনার দুদিন আগে রাতে মোবাইল ফোনে কারো সঙ্গে তার উচ্চস্বরে কথা কাটাকাটির বিষয়টি তিনি শুনেছেন।

তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবার কিছুই বলতে পারছে না।

খবর পেয়ে হাইমচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্যে মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাইমচর থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।” সূত্র : বিডি নিউজ ২৪

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়