প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৭:৩২
২ টাকায় চিকিৎসার ১০৫ বছরের ঐতিহ্যবাহী পুরাণবাজার দাতব্য চিকিৎসালয় পুনরায় চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার।।
|আরো খবর
চাঁদপুর শহরের পুরাণবাজারে অবস্থিত ১০৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ‘পৌর দাতব্য চিকিৎসালয়’ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেলে চিকিৎসালয়টি পরিদর্শনে যান চাঁদপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি এলজিডি) মো. এরশাদ উদ্দিন।
পরিদর্শনকালে শতবর্ষী ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা দ্রুত নিলামের নির্দেশ দেন পৌর প্রশাসক। একই সাথে চিকিৎসালয়টির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পাশেই একটি অস্থায়ী স্থাপনা নির্মাণ করে সেবা চালুর পরামর্শ দেন তিনি। এখানে নতুন করে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথাও জানান মো. এরশাদ উদ্দিন।
এ সময় চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া ও পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯২০ সালে ব্রিটিশ আমলে পুরাণ বাজার এলাকায় দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই চিকিৎসালয়টি প্রতিষ্ঠিত হয়। মাত্র ২ টাকার টিকিটে নিম্নআয়ের মানুষ এখান থেকে চিকিৎসাসেবা ও ওষুধ পেতেন। তবে গত বছর চিকিৎসক সংকটের অজুহাতে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি পুনরায় চালু হলে বিশেষ করে নদীভাঙন কবলিত ও দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবার পথ সুগম হবে।
ছবি ক্যাপশন : পুরাণবাজারে ঐতিহ্যবাহী পৌর দাতব্য চিকিৎসালয়টি পুনরায় চালুর লক্ষ্যে ঝুঁকিপূর্ণ অবকাঠামো পরিদর্শন করছেন চাঁদপুর পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন।








