প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৩:১৮
চাঁদপুরের জ্যেষ্ঠ আইনজীবী সামছু উদ্দিন আহমেদ আর নেই

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট সামছু উদ্দিন আহমেদ পরলোকগমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। শনিবার (৮ আগস্ট ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মাহমুদা আক্তার, এক ছেলে সিয়াম উদ্দিন, এক মেয়ে শায়লা আক্তারসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর আদালত চত্বরে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিচারক, আইনজীবী, পরিবারের সদস্য ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। দুপুরেই হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট গ্রামে নিজ বাড়িতে তাঁকে দাফন করার কথা রয়েছে। অ্যাডভোকেট সামছু উদ্দিন আহমেদের স্থায়ী বাড়ি হাজীগঞ্জের নাসিরকোটে হলেও তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের মমিন পাড়া এলাকায় বসবাস করছিলেন। তিনি ১৯৮০ সালের ১ জুলাই চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন এবং আমৃত্যু পেশায় সক্রিয় ছিলেন। তাঁর প্রয়াণে চাঁদপুর আইনজীবী সমিতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।








