প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৪:০০
হাজীগঞ্জে ২১ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২১ জন অবসরপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. তুহিন হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কিরন, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, বিএনপি নেতা নুরুন্নবী সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমান হোসেন, সাইফুল ইসলাম মিঠু ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জামাল হোসেন, রাবেয়া আক্তার, রোকেয়া সুলতানা, সাঈদুল বাশার, সহকারী শিক্ষক মজিবুর রহমান, ফারজানা ইয়াসমিন এবং বিদায়ী শিক্ষক কাজী মোতাহেরুল হক ও আয়েশা বেগম।
দীর্ঘদিন শিক্ষাকতা পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া ২১ জন প্রধান ও সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








