প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৬:৫০
শাহরাস্তির তিন স্কুল পরিদর্শনে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ
দুর্বল শিক্ষার্থীদের জন্য নিতে হবে বিশেষ ক্লাস

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধান এবং সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শাহরাস্তি উপজেলার তিনটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
সোমবার (২ নভেম্বর ২০২৬) তিনি উপজেলার উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়, খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয় ও মনিরা আজিম উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে একাডেমিক ও সহপাঠক্রমিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক মো. আজিজুল হক।
পরিদর্শনকালে প্রতিটি বিদ্যালয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের সভাপতিত্বে শিক্ষকদের নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়গুলোর সার্বিক একাডেমিক কার্যক্রম, ফলাফল উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা কর্মকর্তা গত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেন। পাশাপাশি ২০২৭ সালের আসন্ন প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ দেন। তিনি বলেন, দুর্বল শিক্ষার্থীদের ফলাফলের মান বাড়াতে বিশেষ ক্লাসের আয়োজন করতে হবে এবং শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।
কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, "অনুত্তীর্ণ শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ছাড়া পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়া যাবে না। এসএসসি পরীক্ষার ফলাফল ভালো করতে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষকের অধীনে ভাগ করে দিয়ে নিয়মিত তদারকি ও প্রতি সপ্তাহে অগ্রগতি মূল্যায়ন সভা করতে হবে।" একই সঙ্গে তিনি নিয়মিত শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ আয়োজনের ওপর জোর দেন।
পরিদর্শনকালে জেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়গুলোর কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও পাঠাগার সরেজমিনে ঘুরে দেখেন। শিক্ষার্থীরা যাতে এসব ব্যবস্থার পূর্ণ ব্যবহার করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে লাইব্রেরি সার্বক্ষণিক সচল রাখা এবং নিজস্ব উদ্যোগে প্রতিবছর বিজ্ঞান মেলার আয়োজন করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও মেধা বিকাশে নানা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় নিবন্ধন, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলন এবং নজরুলবর্ষ উপলক্ষে নানাধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের যুক্তিবাদী ও আত্মবিশ্বাসী করে তুলতে ডিবেট ক্লাবের কার্যক্রম সক্রিয় করার পরামর্শ দেন শিক্ষা কর্মকর্তা।
সভায় সামাজিক নানা ব্যাধি প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেওয়া হয়। বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘটে।







