প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১০:২৮
রাজারগাঁও উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা-২০২৬’ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ চাঁদপুর জেলার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির মোট ৬৫২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান, রাজারগাঁও ইউনিয়ন জামায়াতের আমির মো. মাকসুদুল আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আল আমিন ভূঁইয়া এবং সংঘের স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক এম এ ইয়াছিন মোল্লাসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।
পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. কামরুল ইসলাম এবং পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করেন ইয়াছিন আল ফারুক। এ ছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সংঘের সভাপতি মো. শাহরিয়ার মামুন এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন সংঘের সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হোসেন।
পরীক্ষার আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও মানসম্মত শিক্ষা গ্রহণে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।






