মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে ড্যাফোডিলে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ আলোচনা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে ড্যাফোডিলে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ আলোচনা
'বৈশ্বিক যুগে গুণমান নিশ্চিতকরণ এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ' শীর্ষক অনুষ্ঠানে মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো’ প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরানকে শুভেচ্ছা স্মারক প্রদান করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি প্রদান) বিষয়ক একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’ । সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সি (এমকিউএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো’ প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির (এমকিউএ) পরিচালক আবুল সামান বিন তাইপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল।

'বৈশ্বিক যুগে গুণমান নিশ্চিতকরণ এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ' শীর্ষক মূল প্রবন্ধে দাতো’ প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরান বিশ্বব্যাপী উচ্চশিক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণে গুণগত মান নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি এমকিউএ-এর কার্যাবলি ব্যাখ্যা করে জানান, তারা মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস রেজিস্টার রক্ষণাবেক্ষণ, যোগ্যতা কাঠামো উন্নয়ন, স্বীকৃতি প্রদান এবং যোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতি সহজতর করতে কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান অগ্রাধিকার হওয়া উচিত গুণগত মান বজায় রাখা।

তিনি মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের বিবর্তন, ফলাফল-ভিত্তিক শিক্ষা, বৈশ্বিক র‍্যাঙ্কিং, মাইক্রো-ক্রেডেনশিয়াল এবং নমনীয় শিক্ষণ পদ্ধতির মতো নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও গুণমান নিশ্চিতকরণ এখন অপরিহার্য।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ইতোমধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক প্রোগ্রামে মানস্বীকৃতি কার্যক্রম শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। বিএসি-র লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ সৃষ্টি না করে বরং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সহায়তা করা। তিনি মান নিশ্চিতকরণে বিএসি ও এমকিউএ-এর যৌথ কাজের সম্ভাবনার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান পরিবর্তনশীল শিল্পখাতের চাহিদা মেটাতে মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্সের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, ড্যাফোডিল ইউনিভার্সিটি ‘প্রফেসর অব প্র্যাকটিস’ পদ প্রবর্তনের মাধ্যমে শিল্পখাতের সঙ্গে শিক্ষাব্যবস্থার সংযোগ বাড়াচ্ছে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিতে একটি বিশেষ শিল্পাঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে।

এই আলোচনার মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষার মান উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের একটি যৌথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে সফল হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়