প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৬:২৬
রামগঞ্জে খেলার ছলে পুকুরে পড়ে শিশুমৃত্যু, এলাকা জুড়ে শোক
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব চণ্ডীপুর গ্রামের দমার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই গ্রামের প্রয়াত মনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশু জুনায়েদ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলো। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে জুনায়েদের জুতো ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা পুকুরে নেমে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন।
কোমলমতি এ শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনসহ এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।








