বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৯:০৯

‘স্বপ্নজোড়া’ সামাজিক সংগঠনের সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
‘স্বপ্নজোড়া’ সামাজিক সংগঠনের সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘স্বপ্নজোড়া’ সামাজিক সংগঠনের উদ্যোগে ‘স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতা–২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, সবুজায়ন কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও ‘দৈনিক কুমিল্লার জমিন’-এর সম্পাদক শাহজাদা এমরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান রনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সভাপতি শাহরিয়ার ইসলাম সাইফ। পরবর্তীতে সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন হিমেল।

প্রধান অতিথির বক্তব্যে কাজী এনামুল হক ফারুক বলেন, শিক্ষার্থীরা জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হয়ে তারা সমাজ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি কুমিল্লা নগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি শাহজাদা এমরান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাজনীতি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে স্বপ্নজোড়ার মতো সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আদর্শ সমাজ গঠনে এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন বলেন, একজন ভালো স্বেচ্ছাসেবক হওয়ার পাশাপাশি ভালো শিক্ষার্থী হওয়া গুরুত্বপূর্ণ, তবে একজন ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় অর্জন। সামাজিক সংগঠনগুলো তরুণদের মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

আলোচনা সভা শেষে ‘স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতা–২০২৬’-এর বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও বৃক্ষরোপণের জন্য চারা বিতরণ করা হয়। প্রতিযোগিতায় রানার্সআপ হন অপি, চ্যাম্পিয়ন হন মাহমুদা রহমান মুক্তা এবং ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ নির্বাচিত হন নাহিদা সুলতানা জেরিন।

এছাড়া সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে সনদ গ্রহণ করেন ফয়সাল মাহমুদ মজুমদার সামির, শ্রী প্রবণ কান্তি দাস, ইমরান হোসেন হিমেল, তাহসান আহম্মেদ লবি ও আসাদুজ্জামান রনি।

অনুষ্ঠানে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন সাদমান সাবাব ও অপি। সবশেষে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়