প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯
কুমিল্লা অঞ্চলে অভিনয় কর্মশালায় চাঁদপুরের ছয় নাট্যদলের অংশগ্রহণ

নাট্যশিল্পীদের অভিনয় দক্ষতা উন্নয়ন, নতুন চিন্তাধারা এবং মঞ্চনাটকের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে কুমিল্লা অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে দু দিনব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার ও শনিবার) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা অঞ্চলের অন্তর্ভুক্ত কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাট্যকর্মীরা এতে অংশ নেন। এর মধ্যে চাঁদপুরের ছয়টি গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্যসংগঠন থেকে প্রতিটিতে দুজন করে প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।
চাঁদপুর থেকে অংশগ্রহণকারী নাট্যসংগঠনগুলো হলো— বর্ণচোরা নাট্যগোষ্ঠী, অনন্যা নাট্যগোষ্ঠী, অনুপম নাট্যগোষ্ঠী, চাঁদপুর ড্রামা, বর্ণমালা থিয়েটার এবং স্বরলিপি নাট্যগোষ্ঠী। দীর্ঘ দিন ধরে চাঁদপুরে নাট্যচর্চায় সক্রিয় এসব সংগঠনের উপস্থিতি কর্মশালায় জেলার প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করেছে।
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি ও কুমিল্লা নজরুল গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত দু দিনব্যাপী এ কর্মশালায় অভিনয়ের নানা কৌশল, মঞ্চে উপস্থাপন, চরিত্র নির্মাণ ও নাট্যচর্চার মৌলিক বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র নির্মাতা সম্রাট প্রামাণিক। তাঁর দিকনির্দেশনায় অংশগ্রহণকারী নাট্যকর্মীরা অভিনয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
আয়োজক ও সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত নাট্যচর্চার পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা মঞ্চনাটকের মানোন্নয়ন এবং তরুণ নাট্যশিল্পীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিভিন্ন জেলার নাট্যকর্মীদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। কর্মশালায় অর্জিত অভিজ্ঞতা চাঁদপুরের নাট্যকর্মীরা তাঁদের চর্চার কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও মানসম্মত নাটক উপহার দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতিকর্মীরা।







