সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২০:১৩

রূপসায় দন্ত চিকিৎসকের বিরুদ্ধে নারী রোগীর শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার।।
রূপসায় দন্ত চিকিৎসকের বিরুদ্ধে নারী রোগীর শ্লীলতাহানির অভিযোগ

ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক নারী। উপজেলার রূপসা বাজারের ‘ডিজিটাল ডেন্টাল কেয়ার’-এর ডিপ্লোমা চিকিৎসক ও রূপসা উত্তর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এইচ.এম.এ. আলী আকবর রনির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। গত রোববার (১৫ নভেম্বর ২০২৬) এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এবং ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক চেম্বার বন্ধ করে আত্মগোপনে রয়েছেন।

ভুক্তভোগী নারীর পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও স্থানীয়দের বক্তব্য শোনে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, দাঁতের ক্যাপ লাগানোর জন্য তিনি ওই চেম্বারে যান। এ সময় কক্ষে কেউ না থাকার সুযোগে চিকিৎসক আলী আকবর রনি তাকে যৌন হয়রানি করেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। তিনি প্রতিবাদ করলে চিকিৎসক তার হাত চেপে ধরেন। একপর্যায়ে চিকিৎসককে ধাক্কা দিয়ে চেম্বার থেকে বেরিয়ে এসে তিনি পরিবার ও স্থানীয়দের বিষয়টি জানান। ওই নারী আরও দাবি করেন, অভিযুক্ত চিকিৎসক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হওয়ায় বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য দলীয় লোকজন তার বাবার সঙ্গে যোগাযোগ করেছেন।

রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম জানান, ঘটনার পর ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে ফোন পেয়ে তিনি রনির চেম্বারে যান। সেখানে চিকিৎসকের সামনেই ওই নারী শ্লীলতাহানির বিস্তারিত বর্ণনা দেন; এ সময় নারীর ভাইও উপস্থিত ছিলেন। অভিযোগের জবাবে চিকিৎসক দাবি করেন, ‘চিকিৎসার সময় অসাবধানতাবশত হাত লাগতে পারে’। পরে বাজার কমিটির সভাপতি ওই নারীকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়ে চলে আসেন। এরপর ভুক্তভোগী ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের উপস্থিতিতে ওই নারীর অভিযোগ শোনেন। তবে ‘ডিজিটাল ডেন্টাল কেয়ার’-এ গিয়ে অভিযুক্ত আলী আকবর রনিকে পাওয়া যায়নি; তিনি আত্মগোপনে চলে গেছেন। ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তিনি তাৎক্ষণিকভাবে তা দেননি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলী আকবর রনির মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা পর্যন্ত তার চেম্বারটি বন্ধ দেখা গেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, "৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং ভুক্তভোগী নারী ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে কী কারণে তিনি এখনো লিখিত অভিযোগ দেননি, তা আমাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়