প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৫৪
নাব্যতা সংকট ও বাল্কহেডের দৌরাত্ম্যে ব্যাহত মধু চৌধুরী–ইলিশা ফেরি চলাচল

লক্ষ্মীপুরের মধু চৌধুরীঘাট থেকে ভোলার ইলিশা ফেরিঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌরুটে ছয় মাস ধরে চরমভাবে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নদীর নাব্যতা সংকট এবং সরকারি উদ্যোগে ড্রেজিং (খনন) কার্যক্রম বন্ধ থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে পারছে না ফেরিগুলো। এতে দুই জেলার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষ, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। পাশাপাশি সময়মতো পণ্য পরিবহন করতে না পারায় নষ্ট হচ্ছে পণ্যের গুণগত মান।
|আরো খবর
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই রুটে বর্তমানে কাবেরী, কুসুমকলি ও কদম নামের তিনটি ফেরি চলাচল করছে। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিটি ফেরির প্রতিদিন ছয়বার যাতায়াতের সক্ষমতা থাকলেও নাব্যতা সংকটের কারণে বর্তমানে কোনোটি তিনবার, আবার কোনোটি সর্বোচ্চ চারবার যাতায়াত করতে পারছে। ফলে ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ অপেক্ষা তৈরি হচ্ছে এবং পরিবহন ব্যবস্থায় দেখা দিচ্ছে স্থবিরতা।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে ড্রেজিং বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ এই নৌপথে ফেরি চলাচল কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি সন্ধ্যার পর বালু বহনকারী অসংখ্য বাল্কহেড চলাচল করায় ফেরি চলাচলে বাড়তি ঝুঁকি তৈরি হচ্ছে। চ্যানেলটি তুলনামূলক সরু হওয়ায় বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ এড়াতে অনেক সময় ফেরির চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এতে ফেরির নির্ধারিত যাত্রাসময় আরও ব্যাহত হচ্ছে।
তিনি আরও জানান, রাতে বালু বহনকারী বাল্কহেড চলাচলে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না। ফলে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি ফেরি চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
প্রতিটি ফেরিতে একসঙ্গে নয়টি বড় ট্রাক ও ৮টি ছোট যানবাহন পরিবহনের ব্যবস্থা রয়েছে। এই রুটটি শুধু লক্ষ্মীপুর ও ভোলার মধ্যে যোগাযোগের মাধ্যম নয়, বরং ভোলার সঙ্গে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথে নিয়মিত পণ্যবাহী যানবাহন, যাত্রী ও অন্যান্য পরিবহন চলাচল করে। ফলে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় এর প্রভাব পড়ছে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে।
এদিকে গুরুত্বপূর্ণ এই নৌরুটের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে দ্রুত ড্রেজিং শুরু, নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং রাতে বালু বহনকারী বাল্কহেড চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, রাতে বালু বহনকারী বাল্কহেড যাতে চলাচল করতে না পারে এবং নৌযানগুলো যাতে নির্ধারিত নিয়ম মেনে চলাচল করে, সে বিষয়ে সংশ্লিষ্ট জেলার নৌ পুলিশকে অবহিত করবেন। পাশাপাশি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত ড্রেজিং কার্যক্রম শুরু এবং নৌপথে শৃঙ্খলা নিশ্চিত করা না গেলে এই গুরুত্বপূর্ণ ফেরি রুটে যাত্রী ও পণ্য পরিবহনের দুর্ভোগ আরও বাড়তে পারে। তাই জনস্বার্থ ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার গুরুত্ব বিবেচনায় দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি।








