প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২০:১৭
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর শিক্ষার্থীদের সাফল্য

চাঁদপুর সদর উপজেলায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছয়টি পুরস্কার অর্জন করেছে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, চাঁদপুর শাখার শিক্ষার্থীরা।
|আরো খবর
সোমবার (১২ অক্টোবর ২০২৬) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর সদর উপজেলা আয়োজিত প্রতিযোগিতায় কিরাত, হামদ-নাত ও আজান বিভাগে এসব পুরস্কার অর্জন করে তারা।
কিরাত প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন প্রথম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুস্তাফিজ দ্বিতীয় স্থান অর্জন করে। ‘খ’ গ্রুপে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশফাক এলাহী দ্বিতীয় স্থান লাভ করে।
হামদ-নাত প্রতিযোগিতার ‘খ’ গ্রুপে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহমাদ বিন কবির দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়া আজান প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং ‘খ’ গ্রুপে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশফাক এলাহী দ্বিতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় মাদরাসাটির চারজন শিক্ষার্থী মোট ছয়টি পুরস্কার অর্জন করে।
তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, চাঁদপুর শাখার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ইমরান হোসাইন বলেন, আমাদের শিক্ষার্থীদের এ অর্জনে আমরা আনন্দিত। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, ইসলামী সংস্কৃতি চর্চা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেনো এ ধরনের প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সে জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মো. সেলিম সরকার। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর সদরের ফিল্ড সুপারভাইজার মো. সালাউদ্দিন।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।







