প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭
প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে গুপ্টি পশ্চিমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও এর আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
|আরো খবর
রোববার (৪ অক্টোবর ২০২৬) দিনব্যাপী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস রোকনের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের চারপাশ, সামনের অংশসহ আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানকালে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস রোকন বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা এ কার্যক্রম পরিচালনা করছি। শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিজেদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষ যেন পরিচ্ছন্নতার বিষয়ে উৎসাহিত হন, সে লক্ষ্যেও আমরা কাজ করছি। পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিই আমাদের মূল উদ্দেশ্য।”
এ সময় তিনি স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা অপসারণের আহ্বান জানান।
ডিসিকে /এমজেডএইচ








