প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৭
হাজীগঞ্জে নবগঠিত অলিপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন
আমি চাই এটি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করুক

হাজীগঞ্জের নবগঠিত ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার কৈয়ারপুল এলাকার তালুকদার ভিলায় স্থাপিত অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনশেষে দোয়া মাহফিলের মাধ্যমে ইউনিয়নের প্রশাসনিক কাজের শুভ সূচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, "এই কার্যালয় চালুর মাধ্যমে নবগঠিত ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এখন থেকে প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিতভাবে নাগরিকদের সেবা প্রদান করবেন। তবে আমার প্রত্যাশা, দেশজুড়ে অলিপুর ইউনিয়ন যেন একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করে।"
তিনি আরও বলেন, "এটিকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে হলে মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধ করতে হবে। এ জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ইউনিয়নের সর্বাঙ্গীণ ও আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় বাসিন্দাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
এর আগে জেলা প্রশাসক উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে ইউপি কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আবুল বাসার।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, নবগঠিত ইউনিয়নের প্রশাসক মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, স্থানীয় বিএনপি নেতা আনিছুর রহমান কানু পাটোয়ারী, মোরশেদুর রহমান মিজান, রোকন তালুকদার, যুবনেতা মিলন হোসেন নিরবসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মাসে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬টি এবং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ১টি গ্রামসহ মোট ৭টি গ্রাম নিয়ে নতুন ‘অলিপুর ইউনিয়ন’ গঠন এবং হাজীগঞ্জ সদর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পুনর্গঠন করে সরকারি গেজেট প্রকাশ করা হয়।
এদিকে একই দিন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান হাজীগঞ্জ থানা পরিদর্শনের পাশাপাশি পৌরসভা মিলনায়তনে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শহরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে দাপ্তরিক কাজের খোঁজখবর নেন।
ডিসিকে /এমজেডএইচ








