বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

শাহতলী কামিল মাদরাসায় অভিভাবক সমাবেশ

বিশেষ প্রতিনিধি।।
শাহতলী কামিল মাদরাসায় অভিভাবক সমাবেশ

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পরীক্ষার ফলাফল এবং শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে মাদরাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। প্রধান অতিথি ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, শাহতলী কামিল মাদরাসা শত বছরের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯০১ সালে হাজী ছমির উদ্দিন কারী সাহেব মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৬৫ সালে আমার দাদা মরহুম আহমেদ হোসাইন রুশদী এ প্রতিষ্ঠানে কামিল শ্রেণি চালু করেন। শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তিনি বলেন, শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। অভিভাবকদের নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজ নিতে হবে। শিক্ষার্থীদের মাদরাসার পড়া মাদরাসাতেই শেষ করার বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রয়োজনে শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার খোঁজখবর নেবেন।

সোহেল রুশদী আরও বলেন, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা যাবে না। মোবাইল ফোন ব্যবহার করলে শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ ব্যাহত হয়। তাই মাদরাসায় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তিনি জানান, নিয়মিত মাদরাসায় উপস্থিত থাকা এবং ওয়ান থেকে কামিল পর্যন্ত ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পাশাপাশি ভালো ফলাফল করা বিষয়ের শিক্ষকদেরও পুরস্কৃত করা হবে। অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়ার উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অভ্যন্তরীণ পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার বিষয়েও যথাযথ ব্যবস্থা নিতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্যে বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে। শতভাগ শিক্ষার্থী যাতে পাস করে, সেভাবে পাঠদান নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়নের জন্যে মাসে অন্তত একটি পরীক্ষা এবং প্রয়োজনে সাপ্তাহিক মডেল টেস্ট নেয়ার পরামর্শ দেন তিনি। কোনো বিষয়ে ফলাফল বিপর্যয় হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান গভর্নিং বডির সভাপতি।

মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সদস্য এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

একইদিন দুপুর ১২টায় মাদরাসার সভাকক্ষে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী। সভা পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। সভায় গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়