প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৫
মতলব বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক জাকির

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির আসন্ন নির্বাচনে প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২টায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ক. ম. মুহসীনের কাছে উৎসবমুখর পরিবেশে তিনি এই মনোনয়নপত্র ফরম জমা দেন। এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) একই কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেছিলেন।
মনোনয়নপত্র জমাদানকালে মতলব বাজারের প্রবীণ ও নবীন ব্যবসায়ী নেতারা উপস্থিত থেকে তাঁর প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী ওসমান গনি, মো. সোলায়মান প্রধান, চন্দন সাহা, খোরশেদ আলম, মো. হাসনাত, প্রণয় সাহা, বিষু সূত্রধর, নাজির হোসেন, মো. সুজন, সঞ্জয় ঘোষ ও আপেল মাহমুদ।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির বলেন, "ব্যবসায়ী ভাইদের দীর্ঘদিনের দাবি, ভালোবাসা ও উৎসাহের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সুখ-দুঃখের পাশে থাকার চেষ্টা করেছি।"
তিনি আরও বলেন, "নির্বাচিত হলে মতলব বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবো। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যকার সেতুবন্ধন শক্তিশালী করাই হবে আমার মূল লক্ষ্য। আমি সবার দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করছি।"
উল্লেখ্য, স্থানীয় সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও ব্যবসায়ী কল্যাণমূলক কর্মকাণ্ডে রেদওয়ান আহমেদ জাকিরের সক্রিয় ভূমিকা রয়েছে। তাঁর এই অংশগ্রহণ সাধারণ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। আগামী ১০ অক্টোবর সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।








