প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৪:৩৬
সওজ বিভাগের খাল ময়লা-আবর্জনায় সয়লাব
মহামায়া মধ্যবাজারের পরিবেশ মারাত্মক হুমকির মুখে

চাঁদপুর সদর উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে মহামায়া মধ্যবাজারে অবস্থিত সওজ (সড়ক ও জনপথ) বিভাগের খালটি এখন ময়লা-আবর্জানার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবাধে বর্জ্য ফেলার কারণে খালটির স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে চরম পরিবেশ দূষণ ঘটছে, যার ফলে চরম জনদুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
|আরো খবর
সরজমিনে গিয়ে দেখা যায়, মহামায়া মধ্যবাজারের ব্রিজের নিচে এবং খালের দু পাশে জমে রয়েছে টন কে টন গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ও বাজারের পচা উচ্ছিষ্টাংশ। খালের পানিতে বর্জ্য জমে থাকায় এবং লতাপাতা-কচুরিপানায় তা ঢেকে যাওয়ায় পানি প্রবাহ একেবারেই থমকে গেছে। খালের পানি থেকে নির্গত তীব্র দুর্গন্ধ চারপাশের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে।
স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, নির্দিষ্ট কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বাজারের অনেক ব্যবসায়ী ও পথচারী প্রতিনিয়ত এখানে আবর্জনা ফেলছেন। কিছুদিন বৃষ্টি হলে খাল দিয়ে পানি নিষ্কাশন না হতে পেরে আশপাশের দোকানে পানি উঠে যায়। একই সাথে দুর্গন্ধে হাটে আসা ক্রেতা ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
পরিবেশ সচেতন মহল জানান, খালটি দ্রুত পরিষ্কার ও সংস্কার না করা হলে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়ে ডেঙ্গু ও ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগ ছড়ানোর তীব্র আশঙ্কা রয়েছে। তারা সওজ বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে খালটি পুনঃখনন ও পরিষ্কারের কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।







