প্রকাশ : ০২ জুন ২০২৬, ২২:৩৬
ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শিখাতে গিয়ে দুর্ঘটনায় মামার মৃত্যু
ভাগ্নির অবস্থা আশঙ্কাজনক

চাঁদপুর-মতলব ব্রিজে আপন ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শিখাতে গিয়ে দুর্ঘটনায় রাব্বি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ভাগ্নি ইশাত আক্তার (১৪) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
|আরো খবর
নিহত রাব্বি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ কলাদী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত ইশাত আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার মতলব ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে মামা-ভাগ্নি রাব্বি ও ইশাত একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। এক পর্যায়ে মতলব ব্রিজে পৌঁছালে ইশাত তার মামা রাব্বির কাছে মোটরসাইকেল চালানো শেখার আবদার করে। তখন রাব্বি মোটরসাইকেলের পেছনে বসে তাকে চালানো শেখাচ্ছিলেন। হঠাৎ ইশাত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা দুজনই ছিটকে ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা সড়ক ও জনপথ বিভাগের একটি গাড়ির নিচে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর দুজনই রাস্তায় আহত অবস্থায় বেশ কিছু সময় পড়েছিলেন। পরে ঢাকা থেকে আসা চাঁদপুর সদরের একটি অ্যাম্বুলেন্সের চালক তাদের দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. এনামুল হক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
আহত ইশাত আক্তারের খালাতো ভাই মাহিদুল ইসলাম সেতু জানান, ইশাত তার খালাতো বোন। তার বাবা সচিবালয়ের একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি বরিশালে হলেও তারা বর্তমানে ঢাকায় বসবাস করেন।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন নন্দী হাসপাতালে যান এবং নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কার্যক্রম সম্পন্ন করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।








