প্রকাশ : ০২ মে ২০২৬, ২৩:০৩
মতলব উত্তরে দু হত্যা মামলার আসামি কর্তৃক বাদীপক্ষকে হুমকির অভিযোগ

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লাভলু মেম্বার ও তার ভাতিজা ইজিবাইক চালক খবির হত্যা মামলার আসামিরা বাদীপক্ষের লোকজনকে হুমকি-ধমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
লাভলু মেম্বারের ভাতিজা শুক্রবার (১ মে ২০২৬) সকালে অভিযোগ করে বলেন, আমার চাচা লাভলু মেম্বার ও ভাই খবির হত্যা মামলার আসামি আব্দুর রহমান, সৈকত, মহন, ওবায়েদুল্লাহ, মাসুদ, আলী রাজা ও পারভেজ গং প্রতিনিয়িত আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। রাস্তায় বের হতে পারি না, আমাদেরকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে বলে হুমকি দেয়। আমার চাচা ও ভাইয়ের হত্যা মামলাকে অন্যদিকে প্রবাহিত করতেই তারা সম্প্রতি একটি মিথ্যা ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ করে অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে হবে।
লিটন প্রধান বলেন, আমি যখনই রাস্তায় বের হই, তখনই আমাকে হুমকি দেয় মেরে ফেলবে। কোথাও যেতে পারি না। তারা হত্যা মামলার আসামি হয়েও আমাদের প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।








