বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০:১৩

হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষে জেলা সমন্বয় সভা

কেউ যেনো টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দিতে হবে

.....সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন

অনলাইন ডেস্ক
কেউ যেনো টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দিতে হবে

চাঁদপুরে হাম-রুবেলা (এমআর) টিকা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার প্রতিটি উপজেলায় শতভাগ শিশুদকে টিকার আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্যাম্পেইন শুধু স্বাস্থ্য বিভাগের নয়, এটি একটি সামাজিক আন্দোলন।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি, স্কুলভিত্তিক কার্যক্রম জোরদার, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের তৎপরতা, সংবাদকর্মীদের প্রচারণা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা থাকলে এ কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব। কেউ যেনো টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দিতে হবে।

তিনি বলেন, হামের ভাইরাস খুব দ্রুত ছড়ায় এবং বিশেষ করে ছোট শিশুদের জন্যে এটি মারাত্মক হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি।

বর্তমানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ দু ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপ ৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ তিন এলাকা চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচরে প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপ ২০ এপ্রিল থেকে ১০মে পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত মোট ১১ কর্মদিবস) চলমান রয়েছে।

তিনি বলেন, এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৩ লাখ ২১ হাজার ৫শ' ৩৭ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্যে জেলাজুড়ে স্থাপন করা হয়েছে ২ হাজার ৪২৪টি টিকাদান কেন্দ্র। কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে ৩১৩টি টিম, যেখানে ৩১৩ জন টিকাদানকারী, ৬২৬ জন স্বেচ্ছাসেবী এবং ৩১৩ জন তদারককারী কাজ করছেন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদের পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. সেহরীন আফরিন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, সিভিল সার্জন কার্যালয়ের সার্ভিল্যান্স

এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার (ডব্লিউএইচও) ডা. মালিহা পারভিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার বিল্লাল হোসেন, জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়