প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২০:৪৩
মতলবে পিতার জায়গা প্রতারণা করে পুত্রের নামে রেজিস্ট্রির অভিযোগ

মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের মধ্যম পিংড়া শেখ বাড়িতে পিতা শেখ মো. নুরুজ্জামানের জায়গা প্রতারণা করে পুত্র লুৎফুর রহমানের নামে রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সোমবার (২ মার্চ ২০২৬) মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পিতা শেখ মো. নুরুজ্জামান। তিনি জানান, আমার বড় ছেলে লুৎফুর রহমান ও তার স্ত্রী মাকসুদা বেগম উচ্ছৃঙ্খল এবং অবাধ্য। তারা আমাকে ভরণপোষণ দেয় না ও গালমন্দ করে কষ্ট দেয়। তার স্ত্রীর চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়। টাকার প্রয়োজন বিধায় তার কিছু জমি বড় ছেলে ক্রয় করতে চাইলে গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মতিতে ৯ লক্ষ টাকার জমি ৬ লক্ষ টাকায় দাম সাব্যস্ত হয়। ঘটনার দিন দলিল করতে আসলে আমাকে তার মায়ের চিকিৎসার জন্যে ১ লক্ষ টাকা ও আমাকে বিভিন্ন সময়ে ভরণপোষণ বাবদ ৭৬ হাজার টাকা কর্তন করে দুটি চেকের মাধ্যমে ৪ লক্ষ টাকা ও নগদ ২৪ হাজার টাকা দেয়। দলিল রেজিস্ট্রি করার পর আমাকে টাকা উত্তোলন করে দেয়ার জন্যে সোনালী ব্যাংকে নিয়ে আসে। আগের চেকগুলো আমার ছেলে আমার কাছ থেকে নিয়ে সোনালী ব্যাংক মতলব শাখার ২ লক্ষ টাকার একটি নতুন চেক দিয়ে টাকা উত্তোলন করার জন্যে আমাকে এখানে রেখে সে অন্য ব্যাংক থেকে বাকি টাকা আনতে যায়। ব্যাংক কর্তৃপক্ষ আমাকে টাকা না দিয়ে চেকটি ফেরত দিয়ে দেয়। আমি তাকে বারংবার ফোন দিলেও সে ফোন ধরে না।
|আরো খবর
ছেলের স্ত্রী মাকসুদা বেগম জানান, আমার স্বামী তার পিতার কাছ থেকে জায়গা ক্রয় করেছে এবং টাকাও পরিশোধ করে দিয়েছে।
এ বিষয়ে ছেলে লুৎফুর রহমান বলেন, আমার পিতাকে পূর্বে ৪ লক্ষ টাকা দিয়েছি। আজকে ২ লক্ষ টাকার চেক দিয়েছি। আজকে টাকা উত্তোলন করতে না পারলে কালকে টাকা তুলে দিবো।
মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার জানান, অভিযোগটি আমার কাছে এখনও পৌঁছেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।








