প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৩:২৭
প্রতিবন্ধী ও মেধাবী ১০০ শিক্ষার্থী পেলো ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের তত্ত্বাবধানে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবন্ধী, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) চাঁদপুর শহরের মুনিরা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে এই আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। উল্লেখ্য, এর আগে গত ১৪ সেপ্টেম্বর চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এ মহতী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাঁর নিবিড় উদ্যোগ ও তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জিয়াউর রহমান সোহাগ বলেন, “আমাদের গণমানুষের নেতা ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই এ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। তাঁর সেই উদ্যোগের ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হলো। সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যাতে শিক্ষার আলো নিয়ে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হতে পারে এবং নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, “জনকল্যাণমূলক এই ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। ছাত্রদল বিশ্বাস করে—ভালো ও মানবিক কাজের সাথে যুক্ত থেকেই দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান ও জিসান আহমেদ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাসিমা আক্তার, সাধারণ সম্পাদক জান্নাত আক্তার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা আক্তারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে চেক পেয়ে শিক্ষার্থীদের মাঝে দারুণ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধরনের আর্থিক সহায়তা পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে এবং তাদের আত্মনির্ভরশীল হতে বিশেষ অনুপ্রেরণা জোগাবে।








