প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২২:৫৬
মাদক কারবারিদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা ড. জালাল উদ্দিন এমপির
মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবলে মোল্লা ইমন একাদশ চ্যাম্পিয়ন

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মতলবে মাদক কারবারি ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি যারা খেলাধুলার আয়োজন ও প্রসারে ভূমিকা রাখবেন, তাদেরও সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেলে মতলব উত্তর স্পোর্টিং ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে হবে এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।” এ সময় তিনি খেলার মাঠটিকে একটি অত্যাধুনিক মিনি স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিয়ে বলেন, এখান থেকেই আগামী দিনে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।
ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি এবং জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু প্রমুখ।
ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহম্মেদ খানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে মতলব উত্তর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খানসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উত্তেজনাপূর্ণ মেগা ফাইনালে মুখোমুখি হয় মোল্লা ইমন ফুটবল একাদশ ও কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাব। জমজমাট এই লড়াইয়ের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মোল্লা ইমন ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোল্লা ইমন ফুটবল একাদশ।








