প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২২:০৯
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার জার্সি উন্মোচন করলেন এমপি

২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার জার্সি উন্মোচন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জার্সি উন্মোচন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি দেশ ও সমাজকে মাদক, সন্ত্রাস এবং নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।”
তিনি বলেন, “ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। তবে মাঠে খেলোয়াড়সুলভ আচরণ, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা বিজয়ী হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, হাইমচরের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, জেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।








