প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২২:৪৫
হাজীগঞ্জে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহবধূর আত্মহত্যা, মাদক কারবারি স্বামী পলাতক

হাজীগঞ্জে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় স্বামীর মারধরে অভিমানে কীটনাশক পান করে নাছিমা আক্তার (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামীর নাম মো. মহসিন (মাদক মামলার আসামি)।
|আরো খবর
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের টোরাগড় এলাকার সিরাজ খাঁন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মহসিন ওই বাড়ির মৃত ফজর আলীর ছেলে এবং এলাকার চিহ্নিত ও একাধিক মাদক মামলার আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক মহসিন জীবনযাত্রার শুরু থেকেই মাদক সেবন ও কারবারে জড়িয়ে পড়ে। এতে তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগেই থাকতো। পরবর্তী সময়ে সে মাদক সেবনের পাশাপাশি পাইকারি মাদক বিক্রেতা হয়ে ওঠে। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ হতো।
সর্বশেষ শুক্রবার সকালে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীকে একাধিকবার মারধর করেন মহসিন। স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে অভিমানে শুক্রবার সন্ধ্যায় সকলের অগোচরে কীটনাশক পান করেন নাছিমা বেগম।
পরিবারের অন্যান্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাড়ি থেকে পালিয়ে যান স্বামী মহসিন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








