প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০:১০
চাঁদপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আমীর, ২ জন নায়েবে আমীর (প্রস্তাবিত), ৩ জন সহকারী সেক্রেটারি, ৩৫ জন কর্মপরিষদ সদস্য (পুরুষ ২১ ও মহিলা ১৪ জন) এবং ৭০ জন জেলা শুরা সদস্য (পুরুষ ৪৬ ও মহিলা ২৪ জন) স্থান পেয়েছেন।
|আরো খবর
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর শহরের একটি মিলনায়তনে নবগঠিত কমিটির সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্যদের শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। একই অনুষ্ঠানে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫টি শাখা আমীরদেরও শপথ পাঠ করানো হয়। শুক্রবার দুপুরে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষে নায়েবে আমীর হিসেবে অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান ও হারুন অর রশিদের নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে কমিটি নির্বাচনের লক্ষ্যে গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রত্যক্ষ ও গোপন ব্যালটে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী জেলা আমীরদের নাম ঘোষণা করা হলে ৮ নভেম্বর রুকন সম্মেলনে জেলা আমীরের শপথ এবং শুরা সদস্য নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নতুন কমিটি প্রসঙ্গে দলটির এক দায়িত্বশীল নেতা জানান, জেলার এই পূর্ণাঙ্গ কমিটিতে তরুণ ও প্রবীণ—উভয় প্রজন্মের প্রতিনিধিদের সমন্বয় ঘটানো হয়েছে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন কমিটি গঠনের কার্যক্রম চলছে।








