প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:৫২
কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ ও অঙ্গ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে চার সংগঠনের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন যুবলীগ-ছাত্রলীগের কথিত নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ছেংগারচর থানা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ আলম মুরাদ, সদস্য কবির সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির মৃধা, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়া কামাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধ। যে কোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা রাখা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সব অন্যায় ও অপতৎপরতার প্রতিবাদ অব্যাহত থাকবে। কোনো অপশক্তি যাতে দেশের আইনশৃঙ্খলা বা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়।








