প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩
ক্রীড়াবিদ মফিজুল ইসলামের আক্ষেপ দূর করা হোক

একজন ক্রীড়াবিদের জীবনের সার্থকতা কেবল মাঠের সাফল্য, পদক কিংবা ট্রফি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরবর্তী প্রজন্মের জন্য তাঁর অবদান ও পথচলার স্বীকৃতির মধ্যেও নিহিত। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, অনেক নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদ জীবনের দীর্ঘ সময় খেলাধুলার উন্নয়নে ব্যয় করেও প্রাপ্য সম্মান ও মূল্যায়ন থেকে বঞ্চিত থাকেন। চাঁদপুরের ফুটবলের জীবন্ত কিংবদন্তি মফিজুল ইসলাম তেমনই একজন ক্রীড়াসাধক, যাঁর দীর্ঘদিনের অবদান এবং মনের গভীরে জমে থাকা আক্ষেপ আমাদের বিবেককে নাড়া দেয়।
১৯৬৫ সালে ফুটবলে হাতেখড়ি। এরপর চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন ক্লাবে খেলেছেন। নিজের প্রতিভা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে সমৃদ্ধ করেছেন ফুটবলজীবন। কিন্তু তাঁর অবদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কেবল খেলোয়াড়ি জীবনে সীমাবদ্ধ ছিল না। ১৯৮০ সালের দিকে নিয়মিত খেলা ছেড়ে তিনি মনোনিবেশ করেন নতুন খেলোয়াড় তৈরিতে। নিজের শ্রম ও ভালোবাসায় গড়ে তোলেন ক্লাব, তৈরি করেন প্রতিভাবান ফুটবলার। এমনকি ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা দু দশক চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের সকাল-বিকেল বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়েছেন। একজন মানুষের জীবনের বিশটি বছর এভাবে ক্রীড়াঙ্গনের পেছনে ব্যয় করা নিঃসন্দেহে বিরল দৃষ্টান্ত। অথচ এতো দীর্ঘ অবদান ও আত্মত্যাগের পরও নিজ জেলা চাঁদপুরের ক্রীড়াঙ্গনে যথাযথ স্বীকৃতি পাননি তিনি। যে ক্লাব নিজের শ্রমে ও ভালোবাসায় গড়ে তুলেছেন, সেখানেও তাঁর অবদান যথাযথভাবে স্মরণ করা হয় না বলে তাঁর আক্ষেপ। জেলা ক্রীড়া সংস্থা কিংবা ফুটবল উপকমিটিতেও পাননি প্রত্যাশিত দায়িত্বশীল অবস্থান। প্রশ্ন জাগে, একজন মানুষের জীবনের সেরা সময়টুকু যাঁরাই খেলাধুলার উন্নয়নে উৎসর্গ করেছেন, তাঁদের অবদান মূল্যায়নের ক্ষেত্রে এমন উদাসীনতা কেন?
মফিজুল ইসলামের এই আক্ষেপ কোনো ব্যক্তিগত পদ-পদবি কিংবা সম্মাননার দাবি হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি আমাদের ক্রীড়াঙ্গনের একটি প্রাতিষ্ঠানিক দুর্বলতার প্রতিচ্ছবি। আমরা অনেক সময় নতুন খেলোয়াড় খুঁজতে ব্যস্ত থাকি, কিন্তু যাঁরা একসময় খেলোয়াড় তৈরি করেছেন, তাঁদের খোঁজ রাখি না। অথচ ক্রীড়াঙ্গনের ইতিহাস সংরক্ষণ, প্রবীণ ক্রীড়াবিদদের সম্মান জানানো এবং তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানো একটি সুস্থ ক্রীড়া সংস্কৃতির অপরিহার্য অংশ।
চাঁদপুর সরকারি কলেজ মাঠ, একসময়ের আজিজ আহমেদ ময়দান ঘিরেও রয়েছে তাঁর অসংখ্য স্মৃতি। সেই মাঠের প্রাণচাঞ্চল্য, দর্শকদের উচ্ছ্বাস এবং ফুটবলের সোনালী দিনগুলোর স্মৃতি আজও তাঁকে আবেগাপ্লুত করে। তাঁর প্রত্যাশা, চাঁদপুরের ফুটবল আবার প্রাণ ফিরে পাক, স্থানীয় ক্লাবগুলো নিজস্ব উদ্যোগে খেলোয়াড় তৈরি করুক এবং নতুন প্রজন্ম মাঠমুখী হোক। এই প্রত্যাশা শুধু একজন প্রবীণ ফুটবলারের নয়, বরং চাঁদপুরের ক্রীড়াঙ্গনের পুনর্জাগরণের আকাঙ্ক্ষা।
আমরা মনে করি, মফিজুল ইসলামের অবদান মূল্যায়নে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল উপকমিটি, স্থানীয় ক্লাব এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের উচিত তাঁর দীর্ঘদিনের অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া। তাঁর স্মৃতি ও অভিজ্ঞতা সংরক্ষণ, সম্মাননা প্রদান এবং ক্রীড়াঙ্গনের ইতিহাসে তাঁর অবদান যথাযথভাবে লিপিবদ্ধ করা যেতে পারে। পাশাপাশি তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ফুটবলার তৈরির উদ্যোগও নেওয়া যেতে পারে।
৭৭ বছর বয়সে এসে, নানা শারীরিক জটিলতা সত্ত্বেও মফিজুল ইসলামের স্বপ্ন এখনো চাঁদপুরের ফুটবলকে ঘিরে। জীবন সায়াহ্নে তাঁর চাওয়া খুব বেশি কিছু নয়—নিজের অবদানের যথাযথ মূল্যায়ন এবং প্রিয় ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরে পাওয়া। এই চাওয়াকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। একজন ক্রীড়াবিদকে তাঁর জীবদ্দশায় সম্মান জানানোই প্রকৃত সম্মান। মৃত্যুর পর স্মৃতিচারণ কিংবা আনুষ্ঠানিক শোকবার্তার চেয়ে জীবিত অবস্থায় তাঁর অবদান স্বীকার করা অনেক বেশি অর্থবহ। তাই চাঁদপুরের ক্রীড়া সংগঠক, প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের প্রতি আমাদের আহ্বান—আর অবহেলা নয়, মফিজুল ইসলামের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করুন। তাঁর আক্ষেপ দূর করুন। কারণ, যাঁরা একটি প্রজন্মকে ফুটবলের স্বপ্ন দেখিয়েছেন, তাঁদের নিজের জীবনের শেষ প্রান্তে এসে অবমূল্যায়নের বেদনা নিয়ে থাকতে দেওয়া আমাদের কারও কাম্য হতে পারে না।








