মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৮:৩২

কড়ৈতলীতে ব্যতিক্রমী মাতৃপূজা

দেবীর আসনে জীবন্ত মায়েদের বসিয়ে সন্তানের শ্রদ্ধা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
দেবীর আসনে জীবন্ত মায়েদের বসিয়ে সন্তানের শ্রদ্ধা
ক্যাপসন : কড়ৈতলী রামকৃষ্ণ আশ্রমে মাতৃপূজার দৃশ্য।

"মায়ের চেয়ে আপন, মায়ের চেয়ে মহান এই পৃথিবীতে আর কেউ নেই"—এই শাশ্বত বাণীর বাস্তব প্রতিফলন ঘটিয়ে জীবন্ত মাকে দেবীর আসনে বসিয়ে পূজা নিবেদন করেছেন সন্তানেরা। ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ব্যতিক্রমী এই মাতৃপূজার আয়োজন করা হয়।

শ্রী শ্রী শ্যামা কালীপূজা উপলক্ষে গত রোববার (৮ নভেম্বর ২০২৬) চতুর্থবারের মতো এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মাতৃভক্তির এক অনন্য নজির স্থাপন করলেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সন্তানেরা।

আশ্রম সূত্রে জানা যায়, অনুষ্ঠানে মায়ের চরণে প্রণাম নিবেদন ও ফুলের মালা পরিয়ে মায়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন সন্তানেরা। সবার প্রত্যাশা, মাকে শ্রদ্ধা জানানোর এই অনন্য প্রয়াস যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে প্রতিটি সন্তানের মন জয় করে এবং তারা যেন আজীবন মাকে শ্রদ্ধা ও ভালোবাসায় ভরিয়ে রাখেন।

অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিগত কালীপূজাগুলোর তুলনায় এবারের আয়োজনে ভক্তবৃন্দের উপস্থিতি ছিলো সবচেয়ে বেশি। মায়েদের পাশাপাশি অনুষ্ঠানস্থলে বাবারা ও পরিবারের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন। অনেক পরিবারে একাধিক সন্তানকে মাকে পূজা দেওয়ার জন্য উপস্থিত হতে দেখা যায়। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই মাতৃপূজা অনুষ্ঠিত হয়।

মাতৃপূজা পরিচালনা করেন কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক ও পুরোহিত পণ্ডিত শ্রী শঙ্কর চক্রবর্তী।

আশ্রমের সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দে-র ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক প্রবীর চক্রবর্তী, সদস্য রবি নারায়ণ দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার মজুমদার এবং ফরিদগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মিঠুন চন্দ্রসহ পুলিশ সদস্যবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আশ্রমের নীতি নির্ধারণী পর্যায়ের অন্যতম সদস্য ডা. সুভাষ চন্দ্র রায়, ডা. প্রদীপ কুমার সিংহ রায়, প্রণবানন্দ মজুমদার, খোকন মজুমদার, চন্দন কুমার দেসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবক ও দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ।

মাতৃপূজাশেষে মায়েরা, বাবারা এবং সন্তানেরা শ্রীশ্রী কালীমায়ের পূজার ঘট ভরতে যান। অনুষ্ঠানশেষে সমাগত সকল ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কড়ৈতলী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি কৃষিবিদ ডা. কমল কান্তি মজুমদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়