প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:৩৪
সম্ভাব্য স্থান পরিদর্শনে এসপি ও জেলা পরিষদ প্রশাসক
বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ

চাঁদপুর শহরতলীর গুরুত্বপূর্ণ উপশহর বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
পরিদর্শনকালে বাবুরহাট-মতলব সড়ক ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের আশপাশের সম্ভাব্য কয়েকটি স্থান ঘুরে দেখেন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। ফাঁড়ি স্থাপনের জন্য কোনটি অধিক উপযোগী হবে, তা যাচাই-বাছাই করে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থান পরিদর্শনশেষে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম বলেন, “জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বাবুরহাটে ফাঁড়ি স্থাপনের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণসহ সার্বিক সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আজ আমরা স্থান পরিদর্শন করেছি।”
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “বাবুরহাট একটি জনবহুল ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। জনসাধারণের নিরাপত্তা, সড়ক শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণে এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন অত্যন্ত জরুরি। প্রশাসনিক নিয়ম ও সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত ফাঁড়ি বাস্তবায়নে আমরা কাজ করছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুরহাটে জেলা পরিষদ ভবন, জেলা কারাগার, বিসিক শিল্পনগরী, ঐতিহ্যবাহী বাবুরহাট বাজার এবং একাধিক আবাসিক এলাকা রয়েছে। লক্ষাধিক মানুষের বসবাস ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এলাকার দীর্ঘদিনের দাবি। ফাঁড়িটি চালু হলে অপরাধ দমনের পাশাপাশি বাজারের ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, সহকারী প্রকৌশলী আহমেদ হোসেন খান, উপসহকারী প্রকৌশলী রতন চন্দ্র সরকার, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল মাল, সাধারণ সম্পাদক আলমগীর পাটোয়ারী, চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোলেমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খান, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক পলওয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ এবং ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ মেহেদী হাসান মালসহ স্থানীয় অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








