প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৮:৪৩
চাঁদপুর ফাউন্ডেশন থেকে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি দেওয়া হবে
: জেলা প্রশাসক

চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "চাঁদপুর ফাউন্ডেশন থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। দ্রুত এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা সম্ভব হলে আমরা দ্রুততম সময়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দিতে পারবো।"
তিনি আরও জানান, চাঁদপুর পৌরসভার বিধিমালা মেনে ফাউন্ডেশনের জায়গায় ৬ তলাবিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই সেখানে দোকান বরাদ্দ দেওয়া হবে এবং পরবর্তী সময়ে দোকানগুলোর মার্কেটিং বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় চাঁদপুর ফাউন্ডেশনের সম্পদ রক্ষণাবেক্ষণ, জমির সুরক্ষা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, চাঁদপুরের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক (উপসচিব) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হাসান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ এবং সোনালী ব্যাংক চাঁদপুর প্রধান শাখার ব্যবস্থাপক মো. মফিজ উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন কর্নার ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর পৌরসভার প্রতিনিধি মুহাম্মদ জাহিদ হোসাইন খান, উদয়ন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আতাহার ইকবাল, গণপূর্ত বিভাগের সহকারী পরিচালক মো. ফারহান শাহরিয়ার, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি মো. জয়নাল আবেদীন জনু, চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া ও উপ-সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দে।
ক্যাপশন:
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চাঁদপুর ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ছবি : চাঁদপুর খবরের সৌজন্যে।








