প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২২:৫১
হাজীগঞ্জ ও শাহরাস্তির দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৬

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জের এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লা গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে ধোপল্লা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সী বাড়ির বাসিন্দা। আহতদের বেশিরভাগই স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এবং দফায় দফায় সংঘর্ষ হয়। ঘটনার দিন বিকেলে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ধোপল্লা বাজার থেকে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়েন শাহজাহান। এ সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি আনা হয়। পরে বাড়িতে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা বলেন, “ঘটনাটি শাহরাস্তি উপজেলার সীমানার মধ্যে ঘটেছে। তবে নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসায় পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”







