প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:০৫
সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুর প্রেস ক্লাবের দুটি ব্যতিক্রমী উদ্যোগ

সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহ, লেখা কিংবা পরিবেশনের পেশা নয়; এটি একই সঙ্গে দায়িত্ব, সচেতনতা ও নিরন্তর শেখার এক কঠিন জীবনযাত্রা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের যেমন শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়, তেমনি সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত নিজেদের দক্ষতাও বাড়াতে হয়। এই বাস্তবতা উপলব্ধি করে চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে যে দুটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুসরণযোগ্য।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত ৫৬ বছরের ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে এবারই প্রথম দুটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ শুধু একটি কল্যাণমূলক আয়োজন নয়, বরং সাংবাদিকদের প্রতি একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের মানবিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দ্বিতীয় মেডিকেল ক্যাম্পে ২৫০ জন মানুষ বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা পেয়েছেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল এবং বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল টিমের সহযোগিতায় এ আয়োজন আরও অর্থবহ হয়ে উঠেছে।
সাংবাদিকরা দিন-রাত সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে ব্যস্ত থাকেন। অনেক সময় নিজেদের শারীরিক অসুস্থতা কিংবা পরিবারের স্বাস্থ্যগত প্রয়োজনকেও গুরুত্ব দেওয়ার সুযোগ পান না। অথচ সুস্থ শরীর ও সুস্থ মন ছাড়া দায়িত্বশীল সাংবাদিকতা সম্ভব নয়। এ বিবেচনায় মেডিকেল ক্যাম্প দুটি চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আমরা আশা করবো, বর্তমান নেতৃত্বের পর ভবিষ্যতে যাঁরাই প্রেস ক্লাবের দায়িত্বে আসবেন, তাঁরা এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখবেন। বরং সময়ের প্রয়োজনে এর পরিসর আরও বাড়াবেন। কারণ, নেতৃত্ব পরিবর্তিত হলেও সদস্যদের কল্যাণে গৃহীত ভালো উদ্যোগগুলো কখনো বন্ধ হয়ে যাওয়া উচিত নয়।
অন্যদিকে, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুর প্রেস ক্লাবের প্রশিক্ষণ কার্যক্রমও দীর্ঘদিনের। প্রতিবছরই প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় সদস্যদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। তবে ২০২৫ সাল থেকে এ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সে বছর চাঁদপুরের সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রশিক্ষণ নিতে হয়েছিলো। এবার বিশ্ববিদ্যালয় নিজেই প্রশিক্ষণের আয়োজন নিয়ে চাঁদপুর প্রেস ক্লাবে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খানের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষক প্রফেসর গ্রেগ সাইমনসসহ চার সদস্যের দক্ষ প্রশিক্ষক দল চাঁদপুরে এসে দুদিনব্যাপী ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক কর্মশালা পরিচালনা করেছেন।
এ প্রশিক্ষণের বিশেষত্ব শুধু বিষয়বস্তুতে নয়, অংশগ্রহণের ব্যাপকতাতেও। জেলার আট উপজেলার প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের মোট ১৪৫ জন সাংবাদিক এতে অংশ নিয়েছেন। চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে সর্ববৃহৎ পরিসরের এ প্রশিক্ষণ আয়োজন নিঃসন্দেহে একটি মাইলফলক। আমাদের জানা মতে, এত বিপুলসংখ্যক সাংবাদিককে নিয়ে এমন প্রশিক্ষণ আয়োজন দেশের অন্য কোনো প্রেস ক্লাবে সাম্প্রতিক সময়ে হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা কঠিন। প্রশিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ এবং হাতে-কলমে শেখানোর পদ্ধতি কর্মশালাটিকে কার্যকর করে তুলেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রথম দিনের আলোচনায় সাংবাদিকদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও প্রশিক্ষণের চাহিদা জানার পর দ্বিতীয় দিনের কার্যক্রম সেভাবে সাজানো হয়েছিল। ফলে প্রশিক্ষণটি গতানুগতিক বক্তৃতা কিংবা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি। ফ্যাক্ট চেকিং, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এআইভিত্তিক সফটওয়্যারের ব্যবহার, ডিজিটাল ফটোকার্ড তৈরি, ইউজার জেনারেটেড কনটেন্ট এবং ক্রাউডসোর্সিংয়ের মতো সময়োপযোগী বিষয়ে সাংবাদিকরা বাস্তবভিত্তিক ধারণা পেয়েছেন। বিশেষ করে এআইয়ের যুগে প্রযুক্তির ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব সৃজনশীলতা, অনুসন্ধানী মনোভাব, মানবিক উপলব্ধি ও পেশাগত বিচারবোধ অক্ষুণ্ন রাখার যে বার্তা প্রশিক্ষণে উঠে এসেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ আয়োজনের আরেকটি ইতিবাচক দিক হলো, প্রেস ক্লাবের গণ্ডি পেরিয়ে জেলার বিভিন্ন উপজেলা প্রেস ক্লাব এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। নবীন ও প্রবীণ সাংবাদিকদের একই প্রশিক্ষণে যুক্ত করা সহজ কাজ নয়। কারও কারও কাছে বিষয়টি কিছুটা অস্বস্তিকর মনে হলেও নেতৃত্বের দৃঢ়তা, উদারতা ও সমন্বয়ের কারণে সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনের নেতৃত্ব যে কেবল নিজস্ব সদস্যদের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো জেলার সাংবাদিক সমাজের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে, চাঁদপুর প্রেস ক্লাব তা দেখিয়েছে।
এ দুটি উদ্যোগের মধ্যে একটি অভিন্ন দর্শন রয়েছে—সাংবাদিককে সুস্থ রাখতে হবে, আবার সময়োপযোগী দক্ষতায় সমৃদ্ধও করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা সাংবাদিকের কর্মক্ষমতা ধরে রাখে, আর প্রশিক্ষণ তাঁর পেশাগত উৎকর্ষ বাড়ায়। অর্থাৎ সাংবাদিকদের কল্যাণ ও সাংবাদিকতার মানোন্নয়নকে একই সূত্রে গেঁথেছে চাঁদপুর প্রেস ক্লাব।
আমরা মনে করি, এই দুটি উদ্যোগকে বিচ্ছিন্ন আয়োজন হিসেবে না দেখে প্রেস ক্লাবের প্রাতিষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে বিবেচনা করা উচিত। প্রতিবছর অন্তত একটি মেডিকেল ক্যাম্প এবং একাধিক বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখা গেলে চাঁদপুরের সাংবাদিক সমাজ দীর্ঘমেয়াদে উপকৃত হবে। একই সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সঙ্গে এ ধরনের সহযোগিতা আরও বিস্তৃত করা প্রয়োজন।
চাঁদপুর প্রেস ক্লাবের ৫৬ বছরের ইতিহাসে প্রথম দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সর্ববৃহৎ পরিসরের সাংবাদিকতা প্রশিক্ষণ—এ দুটি অর্জন বর্তমান নেতৃত্বের জন্য নিঃসন্দেহে গৌরবের। তবে এর প্রকৃত সার্থকতা নির্ভর করবে ধারাবাহিকতার ওপর। নেতৃত্ব বদলাবে, সময় বদলাবে, কিন্তু সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধির এই কল্যাণকর উদ্যোগ যেন কখনো থেমে না যায়। ভবিষ্যৎ নেতৃত্বের কাছে এটাই আমাদের প্রত্যাশা।







