প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২৩:৫১
২৫ বছরের দূষণ হটিয়ে প্রাণ ফেরানোর চেষ্টা
বিদ্যাবতী খাল থেকে বেরিয়ে আসছে আবর্জনার পাহাড়

একসময় যে খালের স্বচ্ছ পানিতে ঢেউ খেলতো, চলতো নৌকা, আর চোখ জুড়াতো জেলেদের মাছ ধরার দৃশ্যে—চাঁদপুর শহরঘেঁষা সেই বিখ্যাত বিদ্যাবতী খাল দখল, দূষণ আর অবহেলায় মৃতপ্রায় হওয়ায় দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে সেখানে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা হচ্ছিলো। যে কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিলো। কোথাও কচুরিপানার জঙ্গল, কোথাও আবার পলিথিন ও গৃহস্থালি বর্জ্য জমে তৈরি হয়েছে জঞ্জাল। তবে দীর্ঘ এই দুরবস্থা কাটিয়ে খালটিকে পুনরুজ্জীবিত করতে অবশেষে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সার্বিক দিকনির্দেশনায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), চাঁদপুরের উদ্যোগে গত ৪ নভেম্বর ২০২৬ (বুধবার) থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে শহরের ওয়্যারলেস এলাকা থেকে বাবুরহাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশ পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত এই পরিচ্ছন্নতা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
গত ৯ নভেম্বর (সোমবার) সকালে খালের বাবুরহাট অংশে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক্সেভেটর (ভেকু) দিয়ে খালের বুক থেকে টন টন পলিথিন, প্লাস্টিক, গৃহস্থালি বর্জ্য, পচা আবর্জনা ও কচুরিপানা তুলে ফেলা হচ্ছে। খাল থেকে উত্তোলিত এসব বর্জ্যের স্তূপে ঢেকে গেছে রাস্তার পাশের বড় একটি অংশ। পাহাড়ের মতো এই ময়লার স্তূপের উচ্চতা দেখে সহজেই অনুমান করা যায়, বছরের পর বছর ধরে এ খালটিতে কী পরিমাণ বর্জ্য ফেলা হয়েছে। এই দৃশ্য দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন।
কাজের অভিজ্ঞতা জানিয়ে এক্সেভেটর চালক মো. জসিম বলেন, “খালের ভেতর যেভাবে পলিথিন ও বিভিন্ন ধরনের ময়লা জমাট বেঁধে আছে এবং বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তাতে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। দীর্ঘদিনের এই জঞ্জাল সরানো সত্যিই খুব কষ্টসাধ্য।”
সড়ক ও জনপথ অধিদপ্তর, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, "বিখ্যাত এই খালের বর্জ্য অপসারণ করে এর দৃষ্টিনন্দন পরিবেশ ফিরিয়ে আনা এবং স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান মহোদয়ের প্রয়োজনীয় দিকনির্দেশনায় আমরা অত্যন্ত আশাবাদী যে, সংশ্লিষ্টদের আন্তরিকতা এবং সাধারণ মানুষের সহযোগিতায় কাজটি সফল হবে।”
স্থানীয়দের মতে, বিদ্যাবতী খালের বর্তমান করুণ দশা কেবল পরিবেশ দূষণই নয়, বরং জনস্বাস্থ্য ও নগরবাসীর জীবনযাত্রার জন্য এক বড় হুমকি। পচা বর্জ্য ও নোংরা পানির কারণে বাতাসে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশামাছি ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। বিশেষ করে খালের বিভিন্ন স্থানে জমা পানি ও আবর্জনার স্তূপ রোগজীবাণুর প্রজননক্ষেত্রে পরিণত হওয়ায় ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগের মতো পানিবাহিত ও সংক্রমণজনিত রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কেবল খাল থেকে দৃশ্যমান ময়লা অপসারণ করলেই এর স্থায়ী সমাধান মিলবে না। খালের দু পাড়ের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা চিরতরে দূর করা, ময়লা ফেলার জায়গাগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
দীর্ঘদিনের অবহেলায় হারিয়ে যেতে বসা বিদ্যাবতী খাল আবারও তার প্রাণ ফিরে পাবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে খালটি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এই উদ্যোগের প্রকৃত সফলতা নির্ভর করবে পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা, খালটিকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখা এবং পুনরায় ময়লা ফেলা রোধে কঠোর নজরদারির ওপর।
২৫ বছরের জঞ্জাল সরিয়ে বিদ্যাবতী খালকে তার পুরোনো রূপে ফিরিয়ে আনা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং কাজ। তবে সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রশাসনের কঠোর নজরদারি এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সচেতনতা নিশ্চিত করা গেলে মৃতপ্রায় এই খালটি আবারও ফিরে পেতে পারে তার হারানো যৌবন।








