প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৯:০৬
হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে ফেসবুকে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহিরকে বহিষ্কার করা হয়েছে। তিনি হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ের বাসিন্দা।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জহির আহমেদ জহিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এমপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিশিয়াল ফেসবুক পেজেও জহির আহমেদ জহিরের বহিষ্কারাদেশের কপি আপলোড করতে দেখা যায়।
এরপর শুক্রবার বিকেলে জহির আহমেদ জহির তার ফলোয়ার পেজে বহিষ্কারাদেশের কপি ও নিজের একটি ছবি যুক্ত করে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম প্রিয় হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের সকল নেতৃবৃন্দ, আমি মাঠের কর্মী হিসেবে কথা বলতেই পারি এবং বিগত আওয়ামী লীগের আমলে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলার বাদী আমি এবং জুলাই আন্দোলনের মাঠের কর্মী হিসেবে হাজীগঞ্জ উপজেলার দুটি মামলার প্রধান আসামি আমি। তবে দলের নাম বিক্রি করে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, জমি দখল—এমন কোনো কাজে জড়িত হই নাই। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেটা ৫ আগস্টের পরের হাইব্রিড আওয়ামী সিন্ডিকেট গ্রুপের বিরুদ্ধে লেখালিখি করছি... ইনশাআল্লাহ আমার লেখা চলবে, পদ-পদবি নিয়ে আমি মোটেও চিন্তা করি না। যারা বহিষ্কার আদেশ নগদ টাকা দিয়ে করিয়েছেন, এখন এই আদেশের কপি দিয়ে সাত দিন পানিতে চুবিয়ে খান আমার নাম দিয়ে। ধন্যবাদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং চাঁদপুর জেলা যুবদলের নেতৃবৃন্দকে, আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য।”








