প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:৩৫
মতলব উত্তরে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার সুজাতপুর বাজারের দশতলা এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাইরুল হাসান বেনু।
সমাবেশে খাইরুল হাসান বেনু বলেন, “আওয়ামী লীগের যে কোনো নৈরাজ্য, সন্ত্রাস ও অপতৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি যাতে মতলবের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে আমরা রাজপথে সজাগ থাকবো। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতা-কর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।”
এ সময় উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।








