প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:১৮
হাজীগঞ্জে দু পরিবারের বিরোধ সম্পত্তিগত, রটানো হচ্ছে মিথ্যা

দু পরিবারের মধ্যে বিরোধ মূলত সম্পত্তিগত। কিন্তু এ নিয়ে মিথ্যা তথ্য রটানো হচ্ছে, যা সম্মানহানিকর। এমন অভিযোগ উঠেছে হাজীগঞ্জের দুটি পরিবারের বিরোধকে ঘিরে। ঘটনাটি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মাঝি খাঁ বাড়ির। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে স্থানীয়দের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
|আরো খবর
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, ঘটনা যতোটা বলা হচ্ছে, বাস্তবে তার চেয়ে বেশি রটানো হচ্ছে। ঘটনার সময় উপস্থিত থাকা ব্যক্তিরাও এমনটাই বলছেন। আব্দুল মান্নান খান বলেন, “দাদার আমল থেকে প্রায় তিন যুগ ধরে মৌখিক সমঝোতার ভিত্তিতে রফিকুল ইসলাম, খোরশেদ আলম ও আবু সাঈদের পরিবার নতুন বাড়িতে, আর আমরা পুরোনো বাড়িতে বসবাস করে আসছি। সম্প্রতি নারীদের ব্যবহারের জন্য একটি ঘটলা নির্মাণ নিয়ে তাদের সাথে বিরোধের সূত্রপাত হয়।”
স্থানীয়রা জানান, সম্পত্তির সীমানা নির্ধারণসহ নানা সমস্যা দূর করার লক্ষ্যে বাড়ি পরিমাপ করে আমিনের (সার্ভেয়ার) মাধ্যমে সমাধানের কথা বলা হয় এবং দু পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে আমিন আসার আগের দিন হঠাৎ করে খোরশেদ আলম ও আবু সাঈদের পরিবার আমিন আসার বিষয়ে নিষেধ করে এবং অসহযোগিতার কথা জানায়।
এ বিষয়ে খোঁজ নিতে শেখ মুজিবুর রহমানসহ বেশ কয়েকজন দু পরিবারের সাথে কথা বলতে গেলে সেখানে তর্কবিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে মুরুব্বিদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এর পরপরই খোরশেদ আলমের স্ত্রী ফিরোজা বেগম মারধরের অভিযোগ এনে মান্নান খানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা রটনা শুরু করেন বলে অভিযোগ ওঠে।
মান্নান খান বলেন, “ঝগড়া হয়েছে, কিন্তু মারামারি হয়নি। বাড়ির লোকজনই এর সাক্ষী। ফিরোজা বেগম নিজের কাপড় নিজে ছিঁড়ে আমাদের নামে মিথ্যা কথা রটিয়ে সম্মানহানি ও হয়রানি করছেন। তিনি একজন মামলাবাজ। আমাদেরসহ বাড়ির অন্যদেরও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। কাউকে মানেন না এবং কারও সম্মান করেন না।”
এদিকে অভিযোগ অস্বীকার করে ফিরোজা বেগম বলেন, “আমাদের পরিবারে পুরুষ সদস্য বলতে কেউ বাড়িতে নেই। তাই আমি বাড়ি পরিমাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিইনি। এ নিয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে তারা আমাকে ও আমার মেয়েকে মারধর করে এবং আমাকে পুকুরে ফেলে দেয়।”
এ বিষয়ে অভিযুক্ত পরিবারের মুরুব্বি ও বড় ভাই মো. রফিকুল ইসলাম বলেন, “আমার দু ভাইয়ের স্ত্রী ফিরোজা বেগম ও জেসমিনসহ তাদের পরিবারের সদস্যদের সাথে ঝগড়াঝাটি হয়েছে, তবে কোনো মারামারি হয়নি।”
প্রতিবেশী ওসমান বেপারী বলেন, “নতুন বাড়িতে ২০ শতাংশ সম্পত্তি ভোগদখলে আছেন রফিকুল ইসলাম, খোরশেদ আলম ও আবু সাঈদের পরিবারের সদস্যরা। এর মধ্যে ১৫ শতাংশ তাদের ক্রয়কৃত এবং ৫ শতাংশ হান্নান ও মান্নানদের। দাদার সময় থেকে মৌখিক অদলবদলের ভিত্তিতে উভয় পক্ষ একে অপরের সম্পত্তি ভোগ করছে। সম্প্রতি পুকুরে নারীদের একটি ঘটলা নির্মাণ ও আমিন আসাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়াঝাটির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা দুই পক্ষকে শান্ত করি। তবে তাদের মধ্যে মারামারি হতে আমি দেখিনি।”
মাঝি খাঁ বাড়ির তাজুল ইসলাম বলেন, “বিরোধ সমাধানের জন্য শেখ মুজিবসহ হান্নান ও মান্নানকে তাদের কাছে পাঠালে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষই মারমুখী আচরণ করতে থাকে।”
ওই বাড়ির বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন কলমতর বলেন, “ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে খবর পেয়ে উভয় পক্ষকে ডেকেছি। হান্নান ও মান্নান আমার কাছে এসেছেন। কিন্তু ফিরোজা বেগমের অসহযোগিতার কারণে বিষয়টি সমাধান করতে পারিনি।”
ইউপি সদস্য মো. হাবিব বলেন, “আমি বেশ কয়েকবার ওই বাড়িতে গিয়েছি। বাড়ির মুরুব্বিরা আমাকে সহযোগিতার কথা বলেছেন। কিন্তু ফিরোজা বেগমের অসহযোগিতার কারণে বিরোধ সমাধান করা যায়নি। এখনো তারা এলে বাড়ির মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।”








