বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১:০২

ট্রাফিক পুলিশ রিকশা আটকানোর কারণেই প্রাণ গেলো চালক রশিদের!

মালিকের নির্যাতনে মৃত্যুর অভিযোগ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ট্রাফিক পুলিশ রিকশা আটকানোর কারণেই প্রাণ গেলো চালক রশিদের!

চাঁদপুরে ট্রাফিক পুলিশ কর্তৃক অবৈধ মোটরচালিত রিকশা আটকের জেরে রশিদ মোল্লা (৪৫) নামের এক অসহায় চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গাড়ির মালিক সিদ্দিকের বিরুদ্ধে। ঘটনার পর চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মূল অভিযুক্তের শ্বশুরকে আটক করেছে পুলিশ।

নিহত রশিদ মোল্লা শরীয়তপুরের বাসিন্দা হলেও জীবিকার তাগিদে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের গুণরাজদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং মোটরচালিত রিকশা চালিয়ে সংসার চালাতেন।

ঘটনার বিবরণ : স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোলা জেলার বাসিন্দা সিদ্দিকের কাছ থেকে একটি নম্বরবিহীন মোটরচালিত রিকশা ভাড়ায় চালাতেন রশিদ মোল্লা। গত ১৪ নভেম্বর ট্রাফিক পুলিশ গাড়িটি আটক করে। এ সংবাদ মালিক সিদ্দিককে জানানোর পর তিনি চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রশিদকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন।

পরিবারের অভিযোগ, মারধরের পর গুরুতর আহত রশিদকে স্বজনদের না জানিয়ে গোপনে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন মালিক সিদ্দিক। এমনকি হাসপাতালে ভর্তির সময় ঘটনাটিকে ‘সড়ক দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হয়। পরে অবস্থার মারাত্মক অবনতি হলে দ্রুত তাকে ঢাকার দুটো প্রাইভেট হাসপাতালে ধারাবাহিকভাবে ভর্তি করানো হয়। তবে বাঁচতে পারেননি তিনি। চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তিনি মারা যান।

স্বামীকে হারিয়ে এখন সম্পূর্ণ দিশেহারা নিহতের স্ত্রী ময়না বেগম ও তাদের দু সন্তান। পরিবার এবং স্থানীয় এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মূল অভিযুক্ত সিদ্দিকের দৃষ্টান্তমূলক ফাঁসি ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়া ঘটনাটি ধামাচাপা দিতে কুচক্রী মহল চাপ প্রয়োগ করছে বলে অসহায় পরিবারটি দাবি করেছে।

জানা গেছে, অভিযুক্ত মালিক সিদ্দিক চাঁদপুর শহরের ট্রাক রোডস্থ সাবান ফ্যাক্টরির সামনের একটি গ্যারেজে অবৈধ ও নম্বরবিহীন মোটরচালিত রিকশা রেখে বিভিন্ন চালকের কাছে তা ভাড়া দিয়ে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মূল অভিযুক্ত সিদ্দিককে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো অভিযান অব্যাহত আছে। নম্বরবিহীন মোটরচালিত রিকশা আটকের নেপথ্যে অন্য কোনো কারণ বা ইন্ধন রয়েছে কি না সে বিষয়েও বিস্তারিত তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়