প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:২১
আন্তর্জাতিক সাহিত্য আসরে চাঁদপুরের পাঁচ প্রতিনিধি, উচ্ছ্বসিত সংস্কৃতি অঙ্গন

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ফসওয়াল লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৬’-এ বাংলাদেশের ১৩ জন কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক অংশ নিয়েছেন।
|আরো খবর
উৎসবে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিদের মধ্যে চাঁদপুরের পাঁচ সাহিত্যিকও রয়েছেন। তাঁরা হলেন— চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক, কবি ও সাংবাদিক কাদের পলাশ; বাংলাদেশ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার, কবি ও প্রাবন্ধিক সৌম্য সালেক; গবেষক ও লেখক মুহাম্মদ ফরিদ হাসান; কবি নুরুন্নাহার মুন্নী এবং লেখক এম. নূরে আলম পাটোয়ারী। আন্তর্জাতিক এই সাহিত্য আয়োজনে তাঁদের অংশগ্রহণ চাঁদপুরের সাহিত্য ও সংস্কৃতিচর্চার জন্য তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
‘ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার’ আয়োজিত চার দিনব্যাপী এ সাহিত্য উৎসব ১৫ থেকে ১৮ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ সার্কভুক্ত দেশের শতাধিক কবি ও লেখক অংশ নেন।
বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী অন্য সাহিত্যিকরা হলেন— লেখক ও অনুবাদক অধ্যাপক ফকরুল আলম, ফরিদুর রহমান, কামরুল বাহার আরিফ, লোপা মমতাজ, আশরাফ জুয়েল, নূরুল হক, যতন কুমার দেবনাথ ও মোখলেস মুকুল।
উৎসবে বিভিন্ন দেশের কবি, লেখক ও অনুবাদকদের মধ্যে সাহিত্য বিনিময়, কবিতা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক যোগাযোগের নানা আয়োজন অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চাঁদপুরের সাহিত্যিকদের আন্তর্জাতিক এ উৎসবে অংশগ্রহণ জেলার সাহিত্যচর্চাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি নতুন অভিজ্ঞতা ও সাহিত্যিক যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করেন চাঁদপুরের সাহিত্যপ্রেমী ও অনুরাগীরা।








