প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:০৫
হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ঠিকাদার নিহত

হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন মিয়াজী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
|আরো খবর
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকির পেশায় ঢালাই কাজের ঠিকাদার ছিলেন। তিনি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গীরপাড় নোয়াপাড়া গ্রামের মিজি বাড়ির মো. নুরু মিয়া মিজির বড় ছেলে। তবে তিনি পরিবার নিয়ে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় বসবাস করতেন।
জানা যায়, জাকির হোসেন মিয়াজী বিভিন্ন স্থাপনা পাকাকরণের ঠিকাদারি কাজ করতেন। মঙ্গলবার কাজ শেষে মোটরসাইকেলে করে তিনি বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩নং ওয়ার্ডের কমিশনার মহিউদ্দিন মাইনু মিয়াজী বলেন, গত ২০ বছর ধরে জাকির আমাদের এলাকায় (টোরাগড়) বসবাস করে আসছেন। তাঁর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার, স্বজন ও নিজ গ্রামসহ পুরো টোরাগড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







