প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:১০
পদবির সম্মান যুবদলের ত্যাগী নেতাকর্মীদের উৎসর্গ করলেন ফয়সাল আহমেদ বাহার

চাঁদপুর জেলা যুবদলের নবঘোষিত আংশিক কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার দলের নেতাকর্মী, সমর্থক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে নতুন এই পদের সম্মান দীর্ঘদিন ধরে দলের জন্য শ্রম, ঘাম ও ত্যাগ স্বীকার করা যুবদলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থককে উৎসর্গ করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে ফয়সাল আহমেদ বাহার বলেন, “পদবির এই সম্মান যুবদলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থকদের উৎসর্গ করতে চাই, যাঁরা দীর্ঘ বছর ধরে দলের জন্য শ্রম, ঘাম আর ত্যাগ স্বীকার করেছেন।”
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে নিজের রাজনৈতিক পথচলার একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে উল্লেখ করেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিকের বিষয়ে তিনি বলেন, “রাজনৈতিক পথচলায় মানিক ভাই সবসময় একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে ছায়া দিয়ে আমাকে আগলে রেখেছেন।”
এছাড়া চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নিজের রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ অঙ্গীকার তুলে ধরে ফয়সাল আহমেদ বাহার বলেন, “স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শের একজন সৈনিক হিসেবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশগঠনের কাজে সার্বক্ষণিক কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে চাই।”
এজন্য তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
নতুন এই দায়িত্বকে ব্যক্তিগত অর্জন হিসেবে না দেখে দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি উৎসর্গ করার মাধ্যমে সংগঠনের প্রতি তাঁর দায়বদ্ধতা ও ভবিষ্যৎ সাংগঠনিক প্রত্যাশার কথা জোরালোভাবে তুলে ধরেছেন চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক।







