প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮
চিত্রশিল্পীদের সমন্বয়ে ‘চাঁদপুর চারুশিল্পী পরিষদে’র আত্মপ্রকাশ

চাঁদপুরের চারুশিল্পচর্চাকে আরও সমৃদ্ধ, গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয়ে একঝাঁক চিত্রশিল্পীর সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘চাঁদপুর চারুশিল্পী পরিষদ’। দীর্ঘদিন ধরে নিজ নিজ অবস্থান থেকে চাঁদপুরের চারুকলা ও শিল্পচর্চায় নিরলসভাবে কাজ করে আসা শিল্পীদের সম্মিলিত উদ্যোগে গঠিত হয়েছে নতুন এই সাংস্কৃতিক সংগঠন।
গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাতে চাঁদপুর শহরের আদালতপাড়াস্থ ‘মেইড ইন চাঁদপুর’ স্টুডিওতে এক সভার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
প্রতিষ্ঠাকালীন সাত সদস্যের এই পরিষদে রয়েছেন—বিশিষ্ট চিত্রশিল্পী ও সংগঠক মাইনুদ্দিন লিটন ভূঁইয়া, চিত্রশিল্পী ও প্রশিক্ষক অজিত দত্ত, ঝন্টু দে, বিপ্লব দাস, অভিজিত রায়, মনির হোসেন মান্না ও শুভ্র রক্ষিত।
আত্মপ্রকাশ সভায় আরও উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা ও সংগঠক মোবারক হোসেন সিকদার, মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী, সিয়াম খান, স্বাধীন দত্ত প্রমুখ।
সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য হলো শিশু-কিশোরদের মধ্যে চারুকলার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি চাঁদপুরের শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীল কর্মকাণ্ডকে স্থানীয় গণ্ডি পেরিয়ে দেশব্যাপী পরিচিত করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উদ্যোক্তারা।
গতানুগতিক সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে সম্মিলিত অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিষদটির কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের ভাবনা—সংগঠনের প্রত্যেক সদস্যই হবেন এর কার্যক্রমের চালিকাশক্তি। বর্তমানে সাতজনকে নিয়ে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে চাঁদপুর জেলার আটটি উপজেলার চারুশিল্পচর্চার সঙ্গে যুক্ত শিল্পীদের এই পরিষদের সঙ্গে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে জেলার শিল্পীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিতভাবে সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনার একটি কার্যকর ক্ষেত্র তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অচিরেই ‘চাঁদপুর চারুশিল্পী পরিষদ’-এর ব্যানারে জেলার আটটি উপজেলার শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের প্রতিভাবান খুদে শিল্পীদের সৃজনশীলতা তুলে ধরা এবং তাদের শিল্পচর্চায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।
শিল্পীদের এই সম্মিলিত উদ্যোগ চাঁদপুরের চারুশিল্পচর্চায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে শিল্পবোধ, সৃজনশীলতা ও নান্দনিক চিন্তার বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সাংস্কৃতিক অঙ্গনের।







