প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭
মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব

মালদ্বীপের পার্লামেন্ট (পিপলস মজলিস)-এর স্পিকার আবদুল রহিম আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। গত সোমবার (২৭ অক্টোবর ২০২৬) মালদ্বীপের রাজধানী মালেতে এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দু দেশের সংসদীয় যোগাযোগ জোরদারে মালদ্বীপের পিপলস মজলিসে ‘বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠনের প্রস্তাব দেন হাইকমিশনার। স্পিকার এই প্রস্তাবে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং দ্রুত ইতিবাচক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষই প্রস্তাবিত এই বন্ধুত্ব গ্রুপের মাধ্যমে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন।
সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ ও সংসদীয় কূটনীতির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, জনকল্যাণ, শ্রম অভিবাসন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশটির অর্থনীতিতে তাঁদের অবদানের স্বীকৃতির জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। জবাবে স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ মালদ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও সার্বিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠক শেষে তাঁরা নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির স্মারক উপহার বিনিময় করেন।







