মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:৫০

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে তিন টিম, ব্যবসায়ীদের শতভাগ সহযোগিতার আশ্বাস

আব্দুল্লাহ আল মামুন
সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে তিন টিম, ব্যবসায়ীদের শতভাগ সহযোগিতার আশ্বাস
ছবি : প্রতীকী

দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে সাশ্রয়ী ও সুশৃঙ্খল ব্যবহারের লক্ষ্যে চাঁদপুরে রাত ৮টার পর সব ধরনের শপিংমল, মার্কেটদোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নেমেছে জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড, আলোকসজ্জা ও সাজসজ্জার বাতি বন্ধ রাখতে হবে।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলাসাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান এ নির্দেশনার বাইরে থাকবে।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে সোমবার (১৭ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আলী আশরাফ রিপন, সাধারণ সম্পাদক জিয়াউল হক কাজলসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকারি সিদ্ধান্তের বিষয়টি ব্যবসায়ী নেতৃবৃন্দকে অবহিত করে তা যথাযথভাবে বাস্তবায়নে সহযোগিতা কামনা করা হয়। ব্যবসায়ী নেতারাও প্রশাসনের সিদ্ধান্ত মেনে চলার পাশাপাশি নিজ নিজ ব্যবসায়ী সংগঠনের সদস্যদের তা পালনে উদ্বুদ্ধ করার আশ্বাস দেন।

চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ বলেন, সরকারের সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে। আমরা শতভাগ তা পালন করবো। ইতোমধ্যে চাঁদপুর শহরে মাইকিং শুরু করেছি। ব্যবসায়ীরাও সরকারি সিদ্ধান্ত মেনে চলবেন।

মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আলী আশরাফ রিপন বলেন, আজকের বৈঠকে সরকারি সিদ্ধান্ত জানানো হয়েছে। আমরা যারা ব্যবসা করি, প্রত্যেকেই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর। প্রশাসন যেহেতু বিষয়টি নজরদারি করবে, তাই আমরা প্রত্যেকে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা পরিচালনা করে দোকানপাট বন্ধ করবো। একই সঙ্গে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে শুরুতেই ব্যবসায়ীদের সতর্ক করার অনুরোধ জানান তিনি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা মুঠোফোনে বলেন, আমরা ইতোমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা পেয়েছি। সে অনুযায়ী আমরা কাজ করবো। ইতোমধ্যে আমাদের তিনটি টিম মাঠে নেমেছে। আজ সবাইকে সতর্ক করা হবে এবং আগামী দিনগুলোতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

IMG 20260817 WA0188

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, দেশের সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে চাঁদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের পর দোকানপাট ও মার্কেটের বিদ্যুৎ ব্যবহার কমানোর পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগে চাঁদপুরে এ নির্দেশনা কার্যকর করার প্রস্তুতি নেয়া হয়েছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়