মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০০

কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

কচুয়া ব্যুরো।।
কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

কচুয়ায় নিজ প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে এক ওয়ার্ড জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. নুরুল আলম (৪০) উপজেলার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নুরুল আলম আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের বেনুছো বাড়ির ‘মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং সেখানে শিক্ষকতা করতেন। গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।

মামলার বাদী ওই ছাত্রীর মা আনোয়ারা বেগম জানান, ঘটনার দিন সকালে তার মেয়ে পড়ালেখা করার সময় শিক্ষক নুরুল আলম তাকে কৌশলে আবাসিক কক্ষে ডেকে নিয়ে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ ও শ্লীলতাহানি করেন। ওই ছাত্রী কান্নাকাটি করে পড়ার কক্ষে ফিরে আসে এবং পরবর্তীতে পুরো বিষয়টি মাকে জানায়। পরে পরিবার ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে তিনি কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই শিক্ষক এর আগেও মাদ্রাসার একাধিক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন।

এ বিষয়ে কচুয়া থানার পুলিশ জানায়, ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত মো. নুরুল আলমকে গ্রেপ্তার করে সোমবার সকালে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

---

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়