প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির নিয়োগ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) পদে মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীর চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। সরকারি চাকরি আইন ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করেন।
|আরো খবর
আদালত জানতে চেয়েছেন— সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ (১) ধারা এবং ইসলামিক ফাউন্ডেশন (কর্মকর্তা-কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৯৮-এর ৩(গ) বিধি লঙ্ঘনের কারণে মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীর এই নিয়োগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন এর কোনো আইনি কার্যকারিতা থাকবে না।
রুলে জনপ্রশাসন (সংস্থাপন) সচিব, আইন সচিব, ধর্ম সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারীর আইনজীবী রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবীর তথ্য মতে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯(১) ধারা অনুযায়ী— চাকরি থেকে অবসর গ্রহণের পরই কেবল জনস্বার্থে রাষ্ট্রপতি কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারেন। তবে রিট আবেদনে দাবি করা হয়, বাকীর ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কর্মরত থাকা অবস্থাতেই তাঁকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, যা বিধিসম্মত নয়। এছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগও রয়েছে বলে উল্লেখ করা হয়। সূত্র : অনলাইন।






