প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৯:১৪
চাঁদা না পেয়ে দুর্বৃত্তের হামলা, মৃত্যুশয্যায় টাইলস ঠিকাদার নাছির উদ্দিন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন বাঁধের ওপর হলের সামনে মুন্সী ডেঙ্গা এলাকায় চাঁদা না পেয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চাঁদপুরের টাইলস ঠিকাদার নাছির উদ্দিন । গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় কাজ পরিচালনা করে আসছিলেন টাইলস ঠিকাদার নাছিরউদ্দিন (সাগর)। অভিযোগ রয়েছে, কিছু দুর্বৃত্ত তার কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তাররা দ্রুত তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন । তিনি বর্তমানে মৃত্যুশয্যায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল হামলাকারীদের মধ্যে একজনকে ধরে লক্ষ্মীপুর থানায় সোপর্দ করেন এবং অন্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রায়পুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।








