প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০
জাতীয় অধ্যাপক আজাদ খানসহ দেশের ১১ জন খ্যাতনামা চিকিৎসক আসছেন চাঁদপুরে
শুক্রবার সেবা পাবেন ৭৫০ রোগী

চাঁদপুরে শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প। চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে কুমিল্লা রোডের ডায়াবেটিক হাসপাতালে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম চলবে। এতে ঢাকার বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক ১১জন দেশখ্যাত চিকিৎসক চিকিৎসা সেবা দেবেন।
|আরো খবর
ক্যাম্পে পূর্ব-রেজিস্ট্রেশনকৃত প্রায় ৭৫০ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, ২০১৯ ও ২০২১ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো চাঁদপুর ডায়াবেটিক সমিতিতে দেশের তারকা চিকিৎসকদের এই সমন্বিত ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মেডিক্যাল ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেবেন দেশের শীর্ষস্থানীয় যে সকল চিকিৎসক—
গ্যাস্ট্রোএন্টারোলজি : জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান;
নিউরোলজি : অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ;
ডায়াবেটিক ও হরমোন : অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান;
হৃদরোগ : অধ্যাপক ডা. এম. এ রশিদ;
চর্ম ও যৌন রোগ : অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম;
বন্ধ্যাত্ব রোগ : অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন; বাত, ব্যথা ও ফিজিক্যাল মেডিসিন : অধ্যাপক ডা. মো. শাহ জামান খান; কিডনি রোগ : অধ্যাপক ডা. ওয়াসিম মো. মহসিন উল হক; গাইনি ও প্রসূতিবিদ্যা : অধ্যাপক ডা. তানজিম সাবিনা চৌধুরী; মেডিসিন ও রিউমাটোলজি : সহযোগী অধ্যাপক ডা. সাবরিনা ইয়াসমিন;
চক্ষুরোগ ও সার্জারি : সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ বেগম।
বিজ্ঞানবিষয়ক সেমিনার :
চিকিৎসাসেবার পাশাপাশি বিকেল ৩টায় স্থানীয় চিকিৎসকদের অংশগ্রহণে ‘Obesity : New Concept; what health care providers need to know’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার (Scientific Seminar) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শায়ের গফুর জানান, সীমিত আসনে রোগীদের পূর্বেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। দেশের বিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারদের হাতের কাছে পেয়ে এলাকার ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগের রোগীরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।








